যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে উঠছেন উসামা-পুত্র হামজা!

ইসলাম টাইমস ডেস্ক : আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের পর এখন তার ছেলে হামজা বিন লাদেন যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্তত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ঘোষণা থেকে তাই বুঝে আসছে। নতুন এই ঘোষণায় বলা হয়েছে, হামজা সম্পর্কে তথ্য দিলে ১০ লাখ মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে হামজা বিন লাদেনকে ধরতে এ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে হামজাকে সন্ত্রাসীদের কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হামজা বিন লাদেন এখন আল কায়েদার প্রধান নেতা। এখন তার বয়স ৩০ বছর।

যুক্তরাষ্ট্রের কূটনৈতিক নিরাপত্তা বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাইকেল টি ইভানোফ ঘোষণা করেন, কেউ যদি হামজাকে গ্রেফতার করার জন্য তথ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে সাহায্য করে, তবে তাকে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে।

মাইকেল টি ইভানোফ বলেন, আজকের ঘোষণা সব ধরনের সন্ত্রাসবাদকে প্রতিহত করার জন্য। কয়েক বছর ধরে হামজা তার বাবার হত্যার প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোতে হামলা করার জন্য অনুসরণকারীদের আহ্বান জানিয়ে অডিও ও ভিডিও বার্তা প্রকাশ করে আসছেন।

২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে গোপন আস্তানায় মার্কিন নৌবাহিনীর এক কমান্ডো অভিযানে নিহত হন ওসামা বিন লাদেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার দায় স্বীকার করেছিল আল-কায়েদা।

পূর্ববর্তি সংবাদমালয়েশিয়ায় সাড়াশি অভিযানে ২২ বাংলাদেশি গ্রেফতার
পরবর্তি সংবাদপাকিস্তানে হামলা অব্যাহত রাখার ঘোষণা ভারতীয় বাহিনী প্রধানদের