ইসলাম টাইমস ডেস্ক : পাকিস্তানের পক্ষ থেকে বারবার শান্তি আলোচনার আহবান জানানো এবং আটক ভারতীয় পাইলটকে মুক্তির ঘোষণা দেওয়ার পরও পাকিস্তানে আবারও হামলা চালানোর হুমকি দিয়েছে ভারত।
আজ শুক্রবার ভারতের সেনা, নৌ ও বিমানবাহিনী আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে কর্মকর্তারা এই ঘোষণা দেন। তারা বলেন, ‘যতদিন পর্যন্ত পাকিস্তান এই অপতৎপরতা বন্ধ না করবে, ততদিন ভারত সে দেশের জঙ্গি ঘাঁটি ধ্বংসে হামলা চালিয়ে যাবে।’
ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল এস এস মহল বলেন, ‘এই উত্তেজনা পাকিস্তানের সৃষ্টি। কিন্তু ভারত শত্রুপক্ষের যেকোনও পদক্ষেপের জন্য প্রস্তুত ছিলো। কারিগরি সহায়তাদানকারী বাহিনী সেখানে উপস্থিত ছিল, সেনারা প্রস্তুত ছিল যেকোনও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায়।
সংবাদ সম্মেলনে নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল দলবির সিং গুজরাল হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আমরা পাকিস্তানে যেকোনও পদক্ষেপের জন্য প্রস্তুত এবং ব্যবস্থা নেওয়ার জন্যও প্রস্তুত। আমরা আমাদের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’
অন্যদিকে বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল আর জি কে কাপুর বলেন, আমরা আমাদের টার্গটে হামলা চালিয়েছি। কিন্তু হতাহতের সংখ্যা এখনই বলা সম্ভব নয়। আজাদ কাশ্মিরে হামলার প্রমাণ কীভাবে প্রকাশ করা হবে এটা রাজনৈতিক নেতৃত্বের ব্যাপার।
একইভাবে ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, ‘সন্ত্রাসে’র বিরুদ্ধে পদক্ষেপ না নিলে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসবে না তার দেশ।’
















