ইসলাম টাইমস ডেস্ক : ব্যবসায়ী ও বাড়ির মালিকদের বাধার মুখে থেমে যাওয়া ‘কেমিক্যাল উচ্ছেদ অভিযান’ আবারও শুরু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন হস্তক্ষেপে তা আবারও শুরু করা সম্ভব হয়েছে।
এর আগে গুদাম ও বাড়ির মালিকদের বাধার মুখে অভিযান স্থগিত করা হয়। পরে মেয়র নিজেই এই অভিযানের নেতৃত্ব দিতে এগিয়ে আসেন। তিনি বলেন, ‘আমি যাবো, কে বাধা দেবে আমি দেখবো।’
মেয়রের নেতৃত্বে শনিবার দুপুর আড়াইটার দিকে বকশি বাজারের জয়নাগ রোডে কেমিক্যাল গুদাম উচ্ছেদ অভিযানে দ্বিতীয় দফায় হয়।
জয়নাগ রোডের কয়েকটি ক্যামিক্যাল গুদামের তালিকা দেখে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরপর বিকাল ৩টার দিকে প্লাস্টিক ও কেমিক্যাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন তিনি।
বৈঠকে বসার আগে মেয়র সাইদ খোকন বলেন, ‘আমরা কোনও গুদামের মালামাল জব্দ করছি না। কাউকে সাজাও দিচ্ছি না। আমরা কেবল হাজার হাজার মানুষের জীবন সেভ করছি। এসব গুমামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।’
















