সুদানে রাজনৈতিক অস্থিরতা : কলকাঠি নাড়াচ্ছেন বাশিরের গোয়েন্দা প্রধান!

ইসলাম টাইমস ডেস্ক : সুদানের গোয়েন্দা প্রধান সালাহ গোশ ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদ প্রধানের সঙ্গে গোপন বৈঠকে মিলিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত মাসে জার্মানিতে অনুষ্ঠিত ইসরাইলঘনিষ্ঠ আরব দেশগুলোর এক নিরাপত্তা সম্মেলনের সময় এই বৈঠক অনুষ্ঠিত হয়। ধারণা করা হচ্ছে, সুদানের চলমান বিক্ষোভের প্রেক্ষিতে প্রেসিডেন্ট ওমর আল বাশিরকে ক্ষমতাচ্যূত করে ক্ষমতা গ্রহণের লক্ষ্যে এই বৈঠক করা হয়।

সুদানের সামরিক বাহিনীর সূত্রে এই বিষয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে মিডলইস্ট আই।

গোশ সুদানিস ন্যাশনাল ইন্টেলিজেন্স এন্ড সিকিউরিটি সার্ভিস (এনআইএসএস)-এর প্রধান। তিনি মোসাদের প্রধান ইউসি কোহেনের সঙ্গে জার্মানির মিউনিখে বৈঠক করেন। মিসরের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই বৈঠকে সৌদি আরব ও আরব আমিরাতের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব, আমিরাত ও মিসর গোশকে তাদের লোক হিসেবেই বিবেচনা করছে। এই দেশগুলোর সঙ্গে গোশের গভীর যোগাযোগ রয়েছে –যারা ওমর আল বাশিরের পতন চায়। এই সংবাদ ক্ষমতাসীন দল ও বাশিরের আস্থাভাজন সেনা বাহিনীর কপালে ভাঁজ ফেলার মতোই। তারা মনে করছে, তাদের ক্ষমতায় টিকে থাকার পথে নতুন একটি চ্যালেঞ্জ যুক্ত হলো।

গোশ ও কোহেনের বৈঠকের কথা স্বীকার না করলেও ১৫-১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনের এক মুখপাত্র এই দুজনের বৈঠকে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। এই সময় গোশ ইউরোপিয়ান বিভিন্ন গোয়েন্দাপ্রধানের সঙ্গেও দেখা করেন বলে জানা গেছে।

প্রতিবেদক বলছে, সুদানের প্রেসিডেন্ট ওমর আল বাশির এই বৈঠক সম্পর্কে আগ থেকে কিছুই জানতেন না। তাদের উদ্দেশ্য ছিলো, গোশকে পরবর্তী বাশিরের উত্তরসূরী হিসেবে ঘোষণা করা এবং তার ক্ষমতায় আরোহনের পথ সুগম করা।

বিষয়টি সরকারের দৃষ্টিতে আসে যখন গোশ ২৩ ফেব্রুয়ারি শুক্রবার খার্তুমে সাংবাদিকদের বলেন, বাশির ক্ষমতাসীন দলের শীর্ষ পদ থেকে পদত্যাগ করবেন এবং আগামীতে প্রেসিডেন্ট পদে লড়বেন না। এরপর বাশির তাকে গ্রেফতারের নির্দেশ দেন।

তবে বাশির ক্ষমতাসীন দলের শীর্ষ পদ থেকে সরে দাঁড়িয়েছেন এবং আহমদ হারুনের হাতে নেতৃত্ব তুলে দিয়েছেন। বাশিরের দল ন্যাশনাল কংগ্রেস পার্টি বলছে, নতুন দলীয় প্রধান নির্বাচনের আগ পর্যন্ত আহমদ হারুন দলের ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে বাশির তার প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল আওয়াদ ইবনাওকে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন এবং ১৮ জন সামরিক কর্মকর্তাকে ১৮টি প্রদেশের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছেন।

মিডলইস্ট আই থেকে আবরার আবদুল্লাহ-এর অনুবাদ

পূর্ববর্তি সংবাদকুমিল্লা জেলা কওমী মাদরাসা সংগঠনের ইসলামী মহাসম্মেলন ৩ মার্চ
পরবর্তি সংবাদময়মনসিংহে ডিবি পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধ’: ১ মাদক ব্যবসায়ী নিহত