ইসলাম টাইমস ডেস্ক : আলোচিত খালাফ হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে আজ রাতে। আজ রোববার রাতের মধ্যে সাইফুলের মৃত্যুদণ্ড কার্যকর হবে বলে সৌদি দূতাবাস কর্তৃপক্ষ জানান। খালাফ সৌদি দূতাবাসের কর্মকর্তা ছিলেন।
কারা কর্তৃপক্ষ সাইফুল ইসলাম মামুনের ফাঁসি কার্যকরের প্রস্তুতি নিয়েছে বলে জানান কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শাহজাহান আহম্মেদ।
মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর থেকে সাইফুল ইসলাম মামুন কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দি রয়েছেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাইফুল ইসলাম মামুন বাগেরহাটের শরণখোলা থানার মধ্যে খোন্তাকাটা এলাকার মৃত আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে।
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, মামুনের ফাঁসি কার্যকর করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি রয়েছে।
২০১২ সালের ৫ মার্চ ঢাকার গুলশানে কূটনৈতিক এলাকায় সৌদি দুতাবাস কর্মকর্তা খালাফ আল আলীকে গুলি করা হয়। পরদিন ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গুলশান থানায় মামলা করলে ৫ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। পরে আপিল করা হলে ২০১৩ সালে হাইকোর্ট সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড বহাল, ৩ জনের মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাস দেওয়া হয়।
















