ইসলাম টাইমস ডেস্ক: এবার নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রধান ইলিয়াস কাঞ্চন ব্যাগে পিস্তল নিয়েই হযরত শাহ্জালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল পার হয়ে গেলেন। টার্মিনালের স্ক্যানিং মেশিন তার ব্যাগে থাকা অস্ত্র ধরতে সক্ষম হয়নি। গতকাল বেলা একটার দিকে বেসরকারী এয়ারলাইন্স নভোএয়ারের চট্টগ্রামগামী ফ্লাইটে ওঠার আগে স্ক্যানিং এরিয়ায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
এ ব্যাপারে ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমকে বলেন, এটা সত্যি হতাশাজনক খবর। সম্প্রতি বড় ধরনের একটি ঘটনা ঘটেছে। এরপরও আমাদের এয়ারপোর্ট অথরিটি এ বিষয়টিতে মনোযোগ দিচ্ছেন না। আসলে হৃদয় দিয়ে ভালোবেসে কাজ না করলে এর কোনো সমাধান হবে না।
তিনি আরও বলেন, আমি আসলে ভুলেই গিয়েছিলাম আমার ব্যাগে অস্ত্র রয়েছে। তবে আশ্চর্য হয়েছি প্রথম স্ক্যানিংয়ে আমার অস্ত্রটি ধরাই পড়েনি। পরে আমি নিজেই গিয়ে অস্ত্রটির বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করি।
বিমানবন্দর সূত্র বলছে, দীর্ঘদিন ধরেই স্ক্যানিংয়ের মতো অতীব গুরুত্বপূর্ণ শাখার বেশিরভাগ কর্মকর্তা চলছে অস্থায়ী জনবল দিয়ে। আশ্চর্য হলেও সত্য, বেশিরভাগ সময়ই স্ক্যানিংয়ের কাজে রাখা হয় আনসার সদস্যদের। প্রশিক্ষণহীন এসব আনসার সদস্যদের পরিচালিত স্ক্যানিং মেশিনের সবুজ সংকেতের পর যাত্রীরা চলে যাচ্ছেন এয়ারক্রাফটে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক গত রাতে গণমাধ্যমকে বলেন, আমরা আমাদের মতো করে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।
















