ইসলাম টাইমস ডেস্ক : রোহিঙ্গা বংশোদ্ভূত বাংলাদেশি নাগরিক রাজিয়া সুলতানাকে পুরস্কৃত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ইন্টারন্যাশনাল উইমেন অব ক্যারেজ। রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে কাজ করার কারণে তাকে পুরস্কৃত করলো সংগঠনটি।
যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, এ বছর যে বিশেষ ১০ নারীকে সম্মানিত করা হবে রাজিয়া তাদের অন্যতম।
আগামী ৭ মার্চ স্টেট সেক্রেটারির সঞ্চালনায় মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেবেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মিলানিয়া ট্রাম্প।
ইন্টারন্যাশনাল উইমেন অব ক্যারেজ প্রতিবছর নারীর উন্নয়ন, সাহকিতা, শান্তি, ন্যায়, মানবাধিকার ও নারী নেতৃত্ব প্রতিষ্ঠায় কাজ করছে এমন নারীদের পুরস্কৃত করে থাকে।
মার্চ ২০০৭ সালে শুরু হওয়ার পর এই পর্যন্ত ৬৫টি দেশের ১২০ জন নারীকে পুরস্কৃত করেছে সংগঠনটি।
মার্কিন কূটনৈতিক মিশনগুলো এই পুরস্কারের জন্য মনোনয়ন প্রদান করে এবং স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তারা তা চূড়ান্ত করেন।
রাজিয়া সুলতানা ১৯৭৩ সালে মিয়ানমারের মংডুতে জন্মগ্রহণ করেন। কিন্তু তিনি বর্তমানে বাংলাদেশের নাগরিক। তিনি রোহিঙ্গাদের উন্নয়নে কাজ করাকে নিজের ক্যারিয়ার হিসেবে গ্রহণ করেছেন। পেশাগত জীবনে তিনি একজন আইনজীবী, শিক্ষক ও মানবাধিকার কর্মী।
















