সুলতান মনসুর বিশ্বাস ভঙ্গ করেছেন : রিজভী

ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচিত সুলতান মোহম্মদ মনসুরের শপথগ্রহণকে রাজনৈতিক ছলনা হিসেবে উল্লেখ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি সুলতান মনসুরের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করারও অভিযোগ করেছেন।

আজ বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, যারা অঙ্গীকার ভাঙে, তারা গণশত্রুতে পরিণত হবে।

তবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কী না জানতে চাইলে তিনি বলেন, সুলতান মনসুর জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের নেতা। তাঁর ব্যাপারে গণফোরামই সিদ্ধান্ত নেবে।

একাদশ সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে জয়ী হন সুলতান মনসুর। জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে শপথ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সুলতান মনসুর সেই সিদ্ধান্ত অমান্য করে আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজমুল হক, অধ্যাপিকা সাহিদা রফিক, কেন্দ্রীয় নেতা এ বি এম মোশাররফ হোসেন, তাইফুল ইসলাম, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদএবার পুরান ঢাকার নবাবপুরে আগুন
পরবর্তি সংবাদকাশ্মীরে গ্রেনেড হামলায় নিহত ১, আহত ২৮