ইসলাম টাইমস ডেস্ক : বুড়িগঙ্গার সদরঘাটে একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হয়েছেন একই পরিবারের ৬ সদস্য। এ সময় লঞ্চের পাখার আঘাতে দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে একজনের। আহত ব্যক্তিকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। আহত ব্যক্তির নাম শাহজালাল মিয়া (৩৫)।
গতকাল রাতে কেরানীগঞ্জের কালীগঞ্জ থেকে নৌকায় নদী পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
আহত শাহজালাল ছাড়াও ছিলেন শাহজালালের স্ত্রী শাহিদা বেগম (৩২), মেয়ে মিম (৮), মেয়ে মাহী (৬)। শাহজালালের স্ত্রী ও দুই কন্যাই নিখোঁজ আছে। এছাড়াও শাহজালালের ভাগনি জামশেদা বেগম (২০), ভাগ্নিজামাই দেলোয়ার হোসেন (২৮) ও তাঁদের তিন মাসের মেয়ে স্নেহাও নিখোঁজ রয়েছেন।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, রাত সাড়ে দশটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখান থেকে শাহজালালকে তাঁরা উদ্ধার করে। নিখোঁজদের উদ্ধারে চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা, নৌপুলিশ ও বিআইডব্লিউটিএএর সদস্যরা।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সদরঘাটের কাছাকাছি পৌঁছালে সুরভী-৭ লঞ্চের পেছন দিকের ধাক্কায় শাহজালালদের বহনকারী নৌকাটি ডুবে যায়। নিখোঁজ হওয়া পরিবারটির লঞ্চে করে শরীয়তপুর যাওয়ার কথা ছিল।
















