নিজস্ব প্রতিবেদক : আজ ঢাকায় ইসলামি শিক্ষা, ইসলামি ব্যক্তিত্ব ও কওমি মাদরাসা সম্পর্কে বিষদগার করায় বামনেতা রাশেদ খান মেননের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগরের আহবানে এই সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুমা ঢাকার বায়তুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের আমির আল্লামা নূর হোসাইন কাসেমির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।
সমাবেশে বক্তারা ইসলামি শিক্ষা ও ইসলামি ব্যক্তিত্বকে নিয়ে কটূক্তি করা এবং কাদিয়ানিদের পক্ষাবলম্বন করায় রাশেদ খান মেননের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, অবিলম্বে মেননের শাস্তি নিশ্চিত করতে হবে। নতুবা দেশের তাওহিদি জনতা কঠোর আন্দোলনের মাধ্যমে তার জবাব দেবে।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, রাশেদ খান মেননদের বিচার করতে হবে। ২৪ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। না হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
এই সময় তিনি মেননদের মতো ইসলাম বিদ্বেষীদের জানাযা ও দাফনে সাধারণ মুসলমানকে অংশগ্রহণ না করার আহবান জানান।
সমাবেশে অন্যান্যদের মধ্যে ছিলেন, মাওলানা আতাউল্লাহ বিন হাফেজ্জি, মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আবদুল লতিফ নিজামী, মাওলানা নূরুল ইসলাম জিহাদী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আবদুর রব ইউসুফী, অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আবুল হাসানাত আমিনী প্রমুখ।
সমাবেশ শেষে আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে মিছিল করেন হেফাজতের নেতা-কর্মীরা। মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বের হয়ে পল্টন মোড় ঘুরে আবার উত্তর গেটে এসে শেষ হয়।
















