ইসলাম টাইমস ডেস্ক : জামিয়া কাসিমুল উলুম, সিলেটের প্রিন্সিপাল মুফতি আবুল কালাম যাকারিয়া রহ.-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী৷
আজ ১১ই মার্চ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।
আল্লামা বাবুনগরী বলেন, মুফতি আবুল কালাম যাকারিয়া রহ.-এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত৷ তিনি একজন উঁচু মাপের আলেম ও প্রখ্যাত মুফতি ছিলেন৷ ইলমে ফিকহে তার দক্ষতা সর্বমহলে প্রসিদ্ধ৷ তার ইন্তেকালে ইলমে নববির একটি উজ্জ্বল নক্ষত্র হারিয়ে গেল।
আল্লামা বাবুনগরী মরহুমের স্মৃতিচারণ করে বলেন, ২০১৪ সালে অনুষ্ঠিত জামিয়া দরগার ৪০সালা দস্তারবন্দী মহা-সম্মেলনে মুফতি সাহেবের আমন্ত্রণে উপস্থিত হয়েছিলাম৷ সেই সফরে স্বল্প সময়ের সাক্ষাতে আমি তার কথা-বার্তা ও আন্তরিকতায় মুগ্ধ হয়েছি৷ আমি জানতে পেরেছি, তিনি দরগাহ মাদরাসার প্রতিষ্ঠাতা আল্লামা হাফিজ আকবর আলি রহ.-এর একান্ত শিষ্য ছিলেন।
আল্লামা জুনায়েদ বাবুনগরী মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তায়ালার দরবারে আমি দোয়া করি, তিনি যেন তাঁর সকল দ্বীনি খেদমতকে কবুল করেন এবং ত্রুটি-বিচ্যূতি ক্ষমা করে দেন এবং জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। আমিন।
















