ইসলাম টাইমস ডেস্ক: বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলকে রাজাকার বলে আখ্যা দিলেন। বললেন, আসিফ নজরুলের পরিবার হচ্ছে পাকিস্তানপন্থী বিহারি। শুক্রবার (১৫ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে জাগো বাংলা ফাউন্ডেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু: বাংলাদেশ ও স্বাধীনতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
এর আগে বিচারপতি মানিক প্রধান বিচারপতির চেয়ারে থাকা অবস্থায় এস কে সিনহাকে রাজাকার ও শান্তিকমিটির সদস্য হিসেবে আখ্যা দিয়েছিলেন।
বিচারপতি মানিক বলেন, ‘আসিফ নজরুল কিন্তু বিহারি বাবার সন্তান। অনেক বিহারি কিন্তু আমাদের সঙ্গে যুদ্ধ করেছেন। কিন্তু আসিফ নজরুলের পরিবার তেমন বিহারি নন। তার পরিবার পাকিস্তানিপন্থী বিহারি।’
তিনি আরও বলেন, ‘অধ্যাপক এরশাদুল বারী আরেক রাজাকার। তার সহায়তায় আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করেন এবং শিক্ষকতা করার সুযোগ পেয়েছেন।’
গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ আলী শিকদার, সৈয়দ হাসান ইমাম, পীযূষ বন্দ্যোপাধ্যায়, ডিইউজের নেতা সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।
মোজাফফর হোসেন পল্টু বলেন, ‘বঙ্গবন্ধুর কঠিন সংগ্রামে এই দেশ স্বাধীন হয়েছে। কারও বাঁশির হুইসেলে দেশ স্বাধীন হয়নি। সেই বঙ্গবন্ধুকে নিয়ে তারা কটূক্তি করে। তবে হাজার চেষ্টা করলেও তাদের এই কটূক্তি থেকে বিরত রাখতে পারবেন না। এদের থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে।’
















