ইসলাম টাইমস ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বের কোথাও কোনো ধরনের সন্ত্রাসী হামলা হলে সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিন্দা জানালেও নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় মুখে কুলুপ এঁটেছেন।
ধারণা করা হচ্ছে, মুসলমান নিহত হওয়ার ঘটনায় শোক প্রকাশকে তার উগ্রবাদী দল ও ভক্তরা হয়তো ভালোভাবে নেবে না এবং এর প্রভাব পড়বে ভোটে- এমনটা ভেবেই তিনি চুপ রয়েছেন।
বিশ্বের কোথাও কোনো ধরনের সন্ত্রাসী হামলা হলে যথেষ্ট দ্রুততার সঙ্গেই তার নিন্দা জানিয়ে থাকেন ভারতের প্রধানমন্ত্রী।
ভারতের বাইরে কাবুল, কায়রো, নিউইয়র্ক, লন্ডন, প্যারিস- এসব শহরে বিগত বছরগুলোতে যেসব সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে তাতে টুইটারে সরব ছিলেন মোদি।
কিন্তু শুক্রবারের এ হামলার পর থেকে বিভিন্ন ইস্যুতে টুইট করলেও ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় এখনো নিশ্চুপ মোদি।
নিউজিল্যান্ডের দুটি মসজিদে হামলার ঘটনায় সমবেদনা জানাচ্ছেন বিশ্ববাসী। বিশ্বের গুরুত্বপূর্ণ প্রায় সব দেশের নেতারা এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। কেউ সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন নিজের দেশ ও সরকারের অবস্থান।
কিন্তু এত বড় একটি হত্যাযজ্ঞের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুপ থাকায় সমালোচনার ঝড় উঠেছে।
শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় ৪৯ জন মুসলমান নিহত হলেও এ ঘটনা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী কোনো টুইট করেননি।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভক্তদের সামনে নীরব থাকলেও হামলার প্রায় ১৫ ঘণ্টা পর ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে গভীর শোক প্রকাশ করেছেন মোদি।
















