দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে শ্বাসরোধে হত্যা, গুলিবিদ্ধ ১

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদা না পেয়ে বিভিন্ন সময় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় এবার দেশটির পিটারমেরিজবার্গ শহরের রিটিপ স্ট্রিট এলাকায় মুহাম্মদ জাকির হোসেন (৩০) নামের এক বাংলাদেশিকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এদিকে ক্ষাউটেং প্রভিন্স শহরের লেনেসিয়া এলাকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছে জুয়েল (৩২) নামের অপর এক বাংলাদেশি।

সোমবার স্থানীয় সময় রাতে রিটিপ স্ট্রিট এলাকার নিজ দোকান থেকে কম্বল পেঁচানো অবস্থায় জাকেরের অর্ধগলিত লাশ উদ্ধার করে দেশটির পুলিশ। নিহত জাকির হোসেন নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নের কালামুন্সি বাজারের পার্শ্ববর্তী দক্ষিণ সোন্দলপুর গ্রামের আব্দুল কাইয়ুমের নতুন বাড়ির মৃত আব্দুল কাইয়ুমের ছেলে। ৬ ভাই বোনের মধ্যে তিনি চতুর্থ।

জানা গেছে, জীবিকার তাগিদে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় যায় জাকির। সর্বশেষ ২০১৭ সালে বাড়িতে এসে ৬ মাস থেকে পুনরায় দক্ষিণ আফ্রিকায় ফিরে যান জাকির। আফ্রিকার পিটারমেরিজবার্গ শহরের রিটিপস্ট্রিট এলাকায় নিজের একটি ব্যবসা প্রতিষ্ঠান ছিলো তার। সোমবার আফ্রিকাতে থাকা জাকিরের ভাই ওয়াসিম তাঁর মৃত্যুর বিষয়টি বাড়িতে জানান।

ওয়াসিম গ্রামের বাড়িতে তার স্বজনদের জানান, জাকির যেখানে ব্যবসা করেন তার আশপাশে কোনো বাঙালি থাকতো না। গত শুক্রবার থেকে তার দোকান বন্ধ ছিল। পরবর্তীতে স্থানীয়রা বিষয়টি জানালে দোকানের দরজা ভেঙে অর্ধগলিত অবস্থায় জাকিরের লাশ উদ্ধার করে পুলিশ। জাকিরের দোকানে কাজ করত ভারতীয় এক যুবক। লাশ উদ্ধারের আগে-পরে তার দোকানে কর্মরত ভারতীয় ওই যুবকটিকে পাওয়া যায়নি।

এদিকে, জাকিরের মৃত্যুর খবরে তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। কান্না করতে করতে মূর্ছা যাচ্ছেন তার অসুস্থ মা, শোকে ভেঙে পড়েছেন ভাই বোন ও আত্মীয় স্বজনরা।

পূর্ববর্তি সংবাদবুধবার সারাদেশে ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান শিক্ষার্থীদের
পরবর্তি সংবাদমুসলিমবিদ্বেষী সেই বৌদ্ধ-রাখাইন নেতার ২০ বছরের জেল