ইসলাম টাইমস ডেস্ক : নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং মুসলিমদের প্রতি সংহতি প্রকাশের জন্য দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে আজান প্রচার করা হয়েছে। নিউজিল্যান্ডের অন্য ধর্মাবলম্বী নারীরা শহিদদের স্মরণে হিজাব পরিধান করেছেন।
হামলার স্থান আল নুর মসজিদে শোক প্রকাশে আজ হাজারো মানুষ সমবেত হন। প্রধানমন্ত্রী জেসিন্ডা আহডার্ন এতো যোগ দেন।
রাষ্ট্রীয় রেডিও ও টেলিভিশনে আজান প্রচারের পর দেশজুড়ে দুই মিনিট নীরবতাও পালন করা হয়।
ঠিক এক সপ্তাহ আগে স্থানীয় সময় গত শুক্রবার বেলা দেড়টার দিকে ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে জুমার নামাজ আদায়রত মুসলিমদের ওপর আধা স্বয়ক্রিয় বন্দুক নিয়ে হামলা চালায় অস্ট্রেলীয় যুবক ব্রেনটন টারান্ট (২৮)। এর কিছু পরে ব্রেনটন কাছাকাছি লিনউড মসজিদে হামলা চালান। দুটি হামলায় ৫০ জন নিহত হন। এর মধ্যে পাঁচ জন বাংলাদেশি। আহতও হন ৫০ জন।
স্থানীয় সময় দেড়টায় রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে জুমার নামাজের আজান প্রচার করা হয়। এরপরই দুই মিনিটের নীরবতা পালন করা হয়।
আজ আল নুর মসজিদে জুমার নামাজের সময় সমবেত হন হাজার হাজার শোকাহত মানুষ। জুমার নামাজ শুরুর ঠিক আগে আগে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে প্রধানমন্ত্রী জেসিন্ডা আল নুর মসজিদে পৌঁছান।

জুমার নামাজের ইমামতি করেন ইমাম গামাল ফৌদা। ওই সময় তিনি বলেন, ‘বন্দুকধারী বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় ভেঙে দিয়েছে। আজ একই জায়গা থেকে তাকিয়ে মানুষের ভালোবাসা ও সহানুভূতি দেখতে পাচ্ছি। আমাদের হৃদয় ভেঙেছে. কিন্তু আমরা ভেঙে পড়িনি। আমরা বেঁচে আছি, আমরা একসঙ্গে আছি। আমাদের মধ্যে বিভক্তি আনতে দেব না কাউকে।’
দেশটি জুড়ে আজ অনেক মসজিদ খুলে দেওয়ার কথা রয়েছে। মসজিদের বাইরে সংহতি প্রকাশ করে মাননবন্ধন করার কথা রয়েছে।
মুসলিম সম্প্রদায়ের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নিউজিল্যান্ড আপনাদের সঙ্গে শোকাহত, আমরা এক।’
















