ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ ও সুনির্দিষ্ট প্রতিস্তুতি ছাড়া ঘরে ফিরবেন না বলে জানিয়েছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। তারা বলছেন, বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও তাঁদের এমপিওভুক্তির দাবি মানা হয়নি। তাই এবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ও সুনির্দিষ্টভাবে লিখিত আকারে এমপিওভুক্তির ঘোষণা না আসা পর্যন্ত তাঁরা জাতীয় প্রেসক্লাবের সামনেই অবস্থান করবেন।
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে চলছে এমপিওভুক্তির দাবিতে শিক্ষক ও কর্মচারীদের তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি।
এই অবস্থান কর্মসূচির নেতৃত্ব দিচ্ছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিনয় ভূষণ রায় দুপুরে বলেন, ‘এমপিওভুক্তির কথা বলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ আমরা চাই। কারণ, এর আগে আমাদের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পরে বাস্তবায়ন হয়নি। প্রধানমন্ত্রী আমাদের যদি বাড়ি ফিরে যেতে বলেন, সে নির্দেশও আমরা মানব। তবে আমাদের বিশ্বাস প্রধানমন্ত্রী আমাদের খালি হাতে ফেরাবেন না।’
নন-এমপিওভুক্ত শিক্ষকেরা বলছেন, সাড়ে পাঁচ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
















