ইসলাম টাইমস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) সহসভাপতির (ভিপি) দায়িত্ব নিচ্ছেন বলে জানিয়েছেন নবনির্বাচিত নুরুল হক নুরু। তিনি বলেন, অনিয়মের বিরুদ্ধে আন্দোলনকে বেগবান করতেই দায়িত্ব নিচ্ছি আমরা।
আজ শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে নুরু নিজেই দায়িত্ব গ্রহণের বিষয়টি জানান।
১১ মার্চ ডাকসু নির্বাচনে ভিপি পদে বিজয়ী হওয়ার পর আজ এ ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করলেন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এই নেতা।
আগামীকাল শনিবার ডাকসুর নবনির্বাচিত কমিটির প্রথম সভা ও অভিষেক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। নুরুলের সঙ্গে তাঁর প্যানেলের সমাজসেবা সম্পাদক আখতার হোসেনও দায়িত্ব নেবেন।
আজ সংবাদ সম্মেলনে নুরুল হক বলেন, ‘শিক্ষার্থীদের চাওয়া-পাওয়াকে প্রাধান্য দিয়ে আগামীকাল অনুষ্ঠেয় ডাকসুর কার্যকরী সভায় আমরা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করব। পুনর্নির্বাচনের দাবিসহ শিক্ষার্থীদের অন্য যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করতে আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম চলবে। পুনর্নির্বাচনের চাওয়া আমাদের বরাবরের মতোই রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম এবং ডাকসু নির্বাচনের অনিয়মের বিরুদ্ধে আন্দোলনকে আরও বেগবান করার জন্য আমরা দায়িত্ব নিচ্ছি।’
















