ইসলাম টাইমস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদে নবনির্বাচিত প্রতিনিধিদের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে আজ। প্রথম সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য পদ প্রদান করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১১টায় ডাকসু ভবনের দ্বিতীয় তলার হল রুমে এই সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। ভিপি নুরুল হক নুরসহ ডাকসুর নবনির্বাচিত নেতারা এই সভায় যোগ দিয়েছেন।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ডাকসুর জিএস গোলাম রব্বানী। এরপর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
গোলাম রব্বানী কেন্দ্রীয় সংসদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এসময় জিএস সভাপতির কাছে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের অনুমতি নেন। এক বছরের জন্য অনুমতি দেন ভিসি ড. আখতারুজ্জামান।
ডাকসুর প্রথম কার্যনির্বাহী সভায় আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিমা অর্ণি প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য করার প্রস্তাব তোলেন। পরে জিএস গোলাম রাব্বানী সভাপতির কাছে এই প্রস্তাব তুলে ধরেন। সভায় অধিকাংশের ভোটে প্রস্তাবটি গৃহীত হয়। তবে ডাকসু সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি আখতারুজ্জামান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আজীবন সদস্য হওয়ার সিদ্ধান্ত আগামী সভায় চূড়ান্ত হবে।
অবশ্য এই প্রস্তাবের বিরোধিতা করেন ভিপি নুরুল হক নুরু। তিনি বলেন, ডাকসুকে একটি বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে। এই নির্বাচনের মাধ্যমে গঠিত ছাত্র সংসদে প্রধানমন্ত্রীকে সদস্য করা ঠিক হবে না। প্রধানমন্ত্রীর জায়গাটি সম্মানের।
















