ইসলাম টাইমস ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টকে আরও সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি আশা করি তারা আরও সংযত হবেন জনগণের জন্য কাজ করতে গেলে যে সহনশীলতা দরকার, যে ত্যাগ দরকার এই ত্যাগ বা সহনশীলতা তাদের মাঝে নেই।’
বুধবার জাতীয় সংসদে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি আশা করি, তারা যদি এদেশে সত্যিই একটা রাজনৈতিক জোট করে এগিয়ে যেতে চায় তাহলে এ ব্যাপারটি মনে রেখেই তাদের চলতে হবে- এটা হলো আমার কথা।’
জোটকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা রাজনৈতিকভাবে জোট করেছেন তাদেরকে আমি স্বাগত জানাই কারণ সবারই রাজনীতি করার অধিকার রয়েছে।
তিনি বলেন, রাজনৈতিকভাবে তারা বিভিন্ন দল এবং জোট গঠন করবেন, নির্বাচনে অংশগ্রহণ করবেন, তাতে গণতন্ত্রের ভিত্তি মজবুত হবে বলে আমি বিশ্বাস করি। তবে এখানে যারা যুক্ত হয়েছেন তাদের কথাবার্তা এবং যা কিছু এখন মানুষ জানতে ও শুনতে পারছে, এরা তো মানুষকে সম্মান রেখেও কথা বলতে পারছে না।
















