স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক : জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৩জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ২০১৯ সালের স্বাধীনতা পদক প্রদান করা হয়েছে।

মহান স্বাধীনতা দিবসের প্রাক্কালে সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বোচ্চ বেসামরিক নাগরিক সম্মাননা তাদের হাতে তুলে দেন।

সরকার গত ১০ মার্চ এ বছরের স্বাধীনতা পুরস্কারের জন্য ১৩ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করে।

পদকপ্রাপ্ত ব্যক্তিরা হলেন-স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী মোফাজ্জ্বল হায়দার চৌধুরী (মরণোত্তর), শহীদ এটিএম জাফর আলম (মরণোত্তর), এ কে এম মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ড. কাজী মিসবাহুন নাহার, আব্দুল খালেক (মরণোত্তর) ও অধ্যাপক মোহাম্মাদ খালেদ (মরণোত্তর), শওকত আলী খান (মরণোত্তর), চিকিৎসা বিজ্ঞানে ব্রিগেডিয়ার জেনারেল নুরুন্নাহার ফাতেমা বেগম, সমাজ সেবায় ড. কাজী খলীকুজ্জামান আহমেদ, সংস্কৃতিতে মুর্তজা বশীর, সাহিত্যে হাসান আজিজুল হক, গবেষণা ও প্রশিক্ষণে অধ্যাপক ড. হাসিনা খাঁন।

বিজ্ঞান ও প্রযুক্তিতে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ ইনস্টিটিউট অব এগ্রিকালচারকে (বিআইএনএ) এ পুরস্কারে ভূষিত করা হয়।

পুরস্কার হিসেবে ৩ লাখ টাকার চেক, ১৮ ক্যারেট স্বর্ণের ৫০ গ্রাম ওজনের একটি পদক এবং সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বাধীনতা পদক প্রাপ্তদের পক্ষে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নিজস্ব অনুভূতি ব্যক্ত করে বক্তৃতা করেন। মন্ত্রী পরিষদ সচিব মোহম্মদ শফিউল আলম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং পদক বিজয়ীদের সাইটেশন পাঠ করেন।

পূর্ববর্তি সংবাদএবার যুক্তরাষ্ট্রে মসজিদে আগুন হামলা, চিরকুটে নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার তথ্য
পরবর্তি সংবাদরোহিঙ্গা শিবির উন্নয়ন কমিটির চেয়ারম্যানকে গুলি