ইসলাম টাইমস ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলার জামিয়া ইসলামিয়া তললী মাদরাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী মাহফিলটি মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মাহফিলে আলোচকরা বলেন, মুসলমানদের ওপর ঈমানি ইমতেহান ও পরীক্ষা হিসেবে বিভিন্ন সময় বিপদ ও মুসিবত আসে। এখন যেমন মুসলিম জাতির ওপর দেশে দেশে বিভিন্ন বিপর্যয় দেখা যাচ্ছে, অতীতেও এমনটা কমবেশি ছিল। তারা সবর করেছেন। পরিবেশ ও পরিস্থিতিকে ঈমান ও আমলের মাধ্যমে কাটিয়ে উঠেছেন। এখন আমাদের জন্যও একই করণীয়- আমাদের ঈমান-আমল ও আখলাককে আরও সুন্দর ও মজবুত করা। দীনের ওপর অটল ও অবিচল থাকা। তবেই দুনিয়া ও আখেরাতের নাজাত ও সফলতা আমাদের নসিব হবে।
মাহফিলে সভাপতিত্ব করেন, কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার সিনিয়র মুহাদ্দিস, হারদুয়ী হযরতের খলিফা হযরত মাওলানা এমদাদুল্লাহ। মাহফিলে আলোচনা করেন, মাওলানা মামুনুল হক, মাওলানা হাসান জামিল, মাওলানা শরীফ মুহাম্মদ, মাওলানা আবুল খায়ের ভৈরবী-সহ প্রমুখ।
গফরগাঁওয়ের জামিয়া ইসলামিয়া তললী শত বছরের প্রাচীন মাদরাসা। হযরত থানভি রহ.-এর সোহবত-ধন্য বিবাড়িয়ার হযরত আবদুল মুমিন রহ.-এর মাধ্যমে প্রতিষ্ঠানটির সূচনা। ধীরে ধীরে মাদরাসাটি বেড়ে ওঠে। সম্প্রতি মাদরাসার দীর্ঘকালীন মুহতামিম মুফতি আবদুল্লাহ সাহেব ইনতেকাল করেন। মাহফিলে প্রতিষ্ঠানের খেদমতকারীদের স্মরণে দোয়া করা হয়।
















