ইসলাম টাইমস ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকার গণতন্ত্রকে হরণ করে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে।
তিনি বলেছেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও আজ স্বাধীনতার মূল চেতনা গণতন্ত্রকে হরণ করা হয়েছে। রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা হয়েছে।’
মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন।
ফখরুল বলেন, ‘জনগণের সব অধিকার, ভোটাধিকার হরণ করা হয়েছে। আজকে সাধারণ মানুষের স্বাধীনভাবে চলাফেরার কোনও নিরাপত্তা নেই। ’স্বাধীনতার আদর্শকে পুনরুদ্ধার করার জন্য দেশবাসীকে তিনি শপথ নেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘স্বাধীনতা দিবসে শপথ গ্রহণ করে অঙ্গীকার করছি, খালেদা জিয়ার মুক্তির জন্য দেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করবো। তাকে মুক্ত করে গণতন্ত্রকে ফিরিয়ে আনা হবে।’
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, শামসুজ্জামান দুদু, নিতাই রায় চৌধুরী, ডা. জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী প্রমুখ ।
















