ইসলাম টাইমস ডেস্ক : রাজধানীর কামাল আতাতুর্ক সড়কের এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ভেতর আটকে পড়া মানুষ বাঁচার জন্য তীব্র আকুতি জানাচ্ছে। তারা বলছে, সিড়ি পাঠান না হলে আগুনে পুড়ে মারা যাবো।
অবশ্য আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। যোগ দিয়েছেন বিমানবাহিনী, নৌবাহিনীর সদস্যরাও।
ওই ভবনে আটকা পড়েছেন অনেকেই। তাদের অনেকেই প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়ছেন। আবার অনেকেই ভবনে আটকা পড়ে বাঁচার আকুতি জানিয়েছেন। ‘আমাদের সিঁড়ি পাঠানোর ব্যবস্থা করুন। সিঁড়ি না পাঠালে আমরা ধোঁয়ায় মারা যাব।’
তাদের চিৎকার শুনে ফায়ার সার্ভিসের মই ভবনের জানালায় দাঁড় করানো হচ্ছে। সেগুলো বেয়ে অনেককে নামতে দেখা গেছে।আবার অনেকে দড়ি বেয়ে নামার চেষ্টা করছেন।অনেকে সিঁড়ির অপেক্ষা করে না পেয়ে আগুন থেকে বাঁচতে লাফিয়ে পড়েন।
পুরো ভবনে এখন শুধু ধোঁয়া আর ধোঁয়া।ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে আশপাশের ভবনও।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে এফআর টাওয়ারের ৯ তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে এ আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে।
লাফিয়ে পড়ে আহত শ্রীলংকার এক নাগরিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম ও পরিচয় জানা যায়নি।
আগুনের ক্ষতির পরিমাণ ও কীভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছুই জানা যায়নি।
















