ইসলাম টাইমস ডেস্ক : রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক ভবনের এফ আর টাওয়ারের ভয়াবহ আগুনে পুড়ে এ পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ভবন থেকে লাফিয়ে পড়ে আহত হয়েছেন আরও ৩২ জন।
আহতদেরকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।
আগুনে পুড়ে আহতদের মধ্যে ইউনাইটেড হাসপাতালে মনির, মাসুদুর এবং মামুন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শ্রীলঙ্কান নাগরিক ইন্ডিকা এবং ঢাকা মেডিকেলে আব্দুল্লাহ আল ফারুকের মৃত্যু হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সেনা বাহিনীর সহযোগিতায় এই পর্যন্ত অর্ধশতাধিক মানুষকে ভবন থেকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ আহতও রয়েছেন।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে এফআর টাওয়ারে আগুন লাগে। ২১ তলা ভবনটির অষ্টম তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ওই ভবনে কয়েকটি গার্মেন্ট বায়িং হাউজ এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের অফিস রয়েছে।
















