ইসলাম টাইমস ডেস্ক: গতকাল ঢাকায় এফআর টাওয়ারের আশপাশে শতসহস্র উৎসুক জনতার ভিড়ে বাধাগ্রস্ত হয় অগ্নিনির্বাপণ প্রচেষ্টা। অনেককে অগ্নিনির্বাপণে সহায়তার বদলে দেখা যায় মুঠোফোনে আগুন বা আক্রান্ত মানুষের আর্তনাদের ছবি তুলতে কিংবা ভিডিও করতে ব্যস্ত।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই দৃষ্টিকটু ঘটনার সমালোচনা করেছেন অনেকে।
বাংলাদেশ ক্রিকেট দলের এক সদস্য এ নিয়ে তার ফেসবুকে লিখেছেন, ‘নিমতলী, রানা প্লাজা, চকবাজারের পর আরও একটা বড় দুর্ঘটনা বনানীর এফআর ভবনে। ভবনের নিচে জনতার ভিড়ে ফায়ার সার্ভিস ইউনিট যেতে পারছে না ঠিক সময়ে। দূর থেকে পানি দিতে হয়েছে।
‘একদিকে আগুনে গ্লাস ভেঙে পড়ছে। ভেতরের মানুষগুলো বাঁচার আকুতি করে যাচ্ছেন। কেউ কেউ লাফ দেয়ার চেষ্টা করছেন ৯ বা ১০ কিংবা ১১ তলা থেকে। আর অপরদিকে সবাই মোবাইল নিয়ে রেডি। কে কার থেকে ভালো অ্যাঙ্গেলে ফুটেজ নিতে পারে সেই প্রতিযোগিতা। যেখানে সবাই পানি নিয়ে সাহায্য করার কথা তারা সবাই দাঁড়িয়ে ভিডিও করছেন। দায়িত্বটা কি শুধুই প্রশাসন বা দায়িত্বরত বাহিনীদের আমরা নাগরিক হিসেবে মানবতা কি হারিয়ে যাচ্ছে!’
‘সাধুবাদ জানাই সেসব ভাইদের যারা ইমারজেন্সি লেন তৈরি করে সাহায্য হাত বাড়িয়েছেন। পুনশ্চঃ কেউ তাদের বাজেভাবে কথা বলবেন না। এবার হতে শিক্ষা নেই সামনে যেন নাগরিক হিসেবে মানবতার হাত প্রসারিত হয়, নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। সঙ্গে আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের হেফাজত করুক।’
















