ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের পাশে কাঁচাবাজারে লাগা আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কাঁচা মার্কেটের পাশে ডিএনসিসি সুপার মার্কেটে আগুন ছড়ায়নি। আগুনের শিখা কমে এসেছে। এখনো ধোঁয়া বের হচ্ছে।

কাঁচাবাজারের ভেতরে একটি হোটেল থেকে আগুন লেগেছিল বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন।
আজ ভোরবেলা আগুন লাগার খবর পেয়ে দুই মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট চলে আসে। শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ার কারণে রাস্তা ফাঁকা ছিল। তাই দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করা গেছে। এ জন্য ডিএনসিসির সুপার মার্কেট অংশে আগুন ছড়ায়নি। তা না হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত বলে স্থানীয়রা বলেন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে নৌ বাহিনীর সদস্যরা। মার্কেটের কাঁচাবাজারের পূর্ব পাশের অংশে আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
















