ইসলাম টাইমস ডেস্ক : সিলেটের ইসলামিক ফিকহ ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘সর্বস্তরের মুসলমানের জন্য দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার।
গতকাল শনিবার সিলেট মহানগরের হোটেল পলাশে এই বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফিকহ ইনস্টিটিউটের পরিচালক মাওলানা রফিকুল ইসলাম যাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হজরত হুসাইন আহমদ মাদানি রহ.-এর বিশিষ্ট খলিফা মাওলানা আবদুল মুমিন শায়খে ইমামবাড়ি। তিনি বিশেষ নসিহত পেশ এবং সেমিনারের প্রথম পর্বের দোয়া পরিচালনা করেন।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইসলাম টাইমস সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ। তিনি তার আলোচনায় সবার জন্য দ্বীনি শিক্ষা কেনো প্রয়োজন তা তুলে ধরে বলেন, ‘বয়স্ক মানুষরা যখন দ্বীন শিখবে, তখন দ্বীনের আলো আরও দ্রুত চারদিকে ছড়িয়ে পড়বে। তিনি বলেন, পৃথিবী এখন একটি বিশ্বগ্রাম। এই বিশ্বগ্রামে মুসলমানদের উচিত জীবনাচারের ক্ষেত্রে অন্য কোনো জাতির আচরণ ও সংস্কৃতির দ্বারা প্রভাবিত না হওয়া।
তিনি বলেন, ‘আল্লাহ যে আমাদের রব, সেই আল্লাহকে আমাদের জন্যে যথেষ্ট মনে করা৷ দ্বীনে ইসলামের অনুসারি হয়ে এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবি হিসেবে পেয়ে আমরা খুব খুশি৷ আমাদের আর কিছু লাগবে না৷ এই বিশ্বাস ও মনোভাব আমাদের পোষণ করতে হবে৷
সেমিনারে সিলেট মহানগরের মেয়র আরিফুল হক চৌধুরীও আলোচনা পেশ করেন। তিনি সিলেটের বিভিন্ন বুজুর্গদের স্মৃতিচারণ করেন এবং দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহের কথা তুলে ধরেন।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন মুফতি জিয়াউর রহমান। আরও আলোচনা করেন, জামিয়া দরগাহ-এর সহকারী প্রিন্সিপাল মাওলানা আসাদ উদ্দীন ও মাওলানা সালেহ আহমদ।
জামিয়া কাসেমুল উলুম, দরগাহ মাদরাসার মুহাদ্দিস মুফতি আতাউল হক জালালাবাদি-এর দোয়া ও মুনাজাতের সেমিনারের সমাপ্তি হয়।
















