‘শারীরিক-মানসিক অসুস্থতায়’ দল ছাড়লেন বিএনপির আরেক নেতা

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির সব ধরনের পদ থেকে অব্যাহতি চেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। `শারীরিক ও মানসিকভাবে অসুস্থতার’ কারণে তিনি দলের পদ থেকে অব্যাহতি নিয়েছেন বলে জানিয়েছেন।

সম্প্রতি মোবাশ্বেরসহ বিএনপির চারজন নেতা দল কিংবা দলের পদ ছাড়লেন। এদের বেশিরভাগই দল কিংবা দলের পদ ছাড়ার কারণ হিসেবে বর্ণনা করেছেন ‘শারীরিক’ কিংবা ‘শারীরিক ও মানসিক অসুস্থতার’ কথা।

বুধবার (৩ এপ্রিল) বিকালে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কাছে মোবাশ্বের আলমের অব্যাহতিপত্র জমা দেওয়া হয়।

এ বিষয়ে মোবাশ্বের আলম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরারব দলের সব ধরনের পদ থেকে অব্যাহতি চেয়ে পত্র জমা দিয়েছি। শারীরিক ও মানসিকভাবে অসুস্থতার কারণে দলের পদ থেকে অব্যাহতি চেয়েছি।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি অন্য কোনও দলে যাবো না। বিএনপি করেছি, আগামীতেও থাকবো। তবে কোন পদ-পদবিতে থাকবো না।’

মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক ছিলেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে সেখানে মনোনয়ন পান মো. মনিরুল হক চৌধুরী। মনোনয়ন পাওয়া- না পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি নির্বাচনের আগে জেলে ছিলাম। তখন আমাকে মনোনয়ন না দিয়ে আরেকজনকে দেওয়া হয়েছে। এর বাইরে আর কিছু না।’

এর মধ্যে গত ২৮ মার্চ ‘মানসিক ও শারীরিক অসুস্থতার’ কারণ দেখিয়ে বিএনপির রাজনীতি থেকে অব্যাহতি চান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহসভাপতি আবু মোতালেব। তিনিও  বলেছেন, ‘অন্য কোনও দলে যাচ্ছি না। রাজনীতি থেকেই অবসর নিচ্ছি। শারীরিক অসুস্থতার কারণে রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

দল থেকে এভাবে ‘শারীরিক ও মানসিক অসুস্থতার’ কারণ দেখিয়ে বিভিন্ন নেতার চলে যাওয়ার বিষয়ে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘দল থেকে কেউ চলে গেলে সাময়িক শূন্যতা তৈরি হয়। তবে সাংগঠনিকভাবে গতিশীল দলের মধ্যে তেমন কোনও সমস্যা হয় না।’

পূর্ববর্তি সংবাদজয়পুরহাটে ট্রেনের ধাক্কায় অন্যমনস্ক গৃহবধূ নিহত
পরবর্তি সংবাদবেসরকারি হেলিকপ্টারে পাচার হচ্ছে ইয়াবা : স্বরাষ্ট্র মন্ত্রণালয়