ইসলাম টাইমস: সিলেট-২ আসনের সাংসদ ও গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য মোকাব্বির খান শপথ নেওয়ার দুই দিন পর দলের সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করতে গেলে তাকে চেম্বার থেকে বেরিয়ে যেতে বলেন। মোকাব্বির খানকে দেখে কামাল হোসেন ক্ষুব্ধ হন বলে জানান প্রতক্ষ্যদর্শীরা। তবে মোকাব্বির খান বলেন, এ ধরনের কিছু ঘটেনি।
আজ বৃহস্পতিবার বেলা তিনটার পর মোকাব্বির খান মতিঝিলে কামাল হোসেনের চেম্বারে যান। ঐক্যবদ্ধ ছাত্রসমাজের সাধারণ সম্পাদক প্রত্যক্ষদর্শী মোহাম্মদ উল্লাহ মধু সাংবাদিকদের বলেন, ‘উনি স্যারের রুমের দরজা খুলে স্যারকে সালাম দেন। তখন স্যার বলেন, আপনি কার অনুমতি নিয়ে পত্রিকায় স্টেটমেন্ট দিয়েছেন যে গণফোরাম থেকে আপনাকে শপথ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে? গণফোরাম সভাপতি আপনাকে অনুমতি দিয়েছে?’
মধু বলেন, ‘এ সময় মোকাব্বির খান চুপ করেছিলেন। স্যার রাগ হয়ে বলেছেন, আমি দ্বিতীয়বার আপনার চেহারা দেখতে চাই না। আই সে, গেট আউট। আপনার জন্য আমার দরজা চিরতরে বন্ধ। আমার বাসা, চেম্বার কোথাও আসবেন না।’
তবে এ ব্যাপারে মোকাব্বির খান বলেন, কামাল হোসেনের সঙ্গে তার ৩৫ বছরের সম্পর্ক। আজকে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।
এদিকে সন্ধ্যায় গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোকাব্বির খানের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি ব্যক্তিগত ইচ্ছায় শপথ নিয়েছেন। তার শপথের বিষয়ে কেন্দ্রীয় নেতারা অবগত ছিলেন না। মোকাব্বির খান মিডিয়াতে গণফোরাম সভাপতি, সংগঠন বিষয়ে অসত্য ও বিভ্রান্তিমূলক বক্তব্য প্রদান করেছেন। যা অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট।
















