ইসলাম টাইমস ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় একস্কুল ছাত্রী আহত হওয়ার পর রাস্তায় নেমে এসেছে তার সহপাঠীরা। আহত শিক্ষার্থীর নাম নাজমা আক্তার মনি (১৪)। রাস্তা পারপারের সময় হিউম্যান হলারের (যাত্রীবাহী পিকআপ) ধাক্কায় সে আহত হয়।
শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার কলেজবাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
আহত নাজমা আক্তার স্থানীয় কলেজবাজার এ জে চৌধুরী স্কুলের নবম শ্রেণির ছাত্রী ও উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোহাম্মদ ইব্রাহিমের মেয়ে।
এদিকে দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ স্কুল শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। দুর্ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেয় তারা। ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেয় তারা।
















