ইসলাম টাইমস ডেস্ক: শেরপুরে ছদ্মবেশী ডিবির হাতে ইয়াবাসহ হাতেনাতে আটক হয়েছেন স্থানীয় আ.লীগ নেতার ছেলে ছানা মিয়া। রবিবার বিকাল ৫টার দিকে ঝিনাইগাতি হাতিবান্ধা মহারিশ নদীর ব্রিজ থেকে তাকে আটক করা হয়।
আটক ছানা মিয়া ঝিনাইগাতি সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য মোফাজ্জল হোসেন চাঁনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শীর্ষ এ মাদক ব্যবসায়ী ও আরো কয়েকজন দীর্ঘ দিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছিল।
সম্প্রতি ওই মাদক ব্যবসায়ীর সাথে ২ হাজার পিস ইয়াবা কেনার চুক্তি করে ছদ্মবেশী ডিবি পুলিশ। আলাপ আলোচনা শেষ করে আজ রবিবার ২ হাজার পিস ইয়াবা দেওয়া হবে বলে ওই ব্রিজের উপর ছদ্মবেশী ডিবিকে নিয়ে যায় ছানা।
এসময় কয়েক জন ডিবি পুলিশ এগিয়ে আসলে ছানা আসল বিষয়টি বুঝতে পেরে হাতে থাকা ২ হাজার পিস ইয়াবা ব্রিজ থেকে নদীতে ফেলে দেয়। ইয়াবার সেই পুটলা পুলিশ অনেক খোঁজাখুঁজি করেও খুঁজে পায়নি। তবে ছানা’র জামার পকেট থেকে ২০টি ইয়াবা উদ্ধার করে তাকে আটক করে পুলিশ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিনুল ইসলাম জানায়, শীর্ষ এই ইয়াবা ব্যবসায়ীর বিষয়ে এলাকাবাসীর অসংখ্য অভিযোগ রয়েছে। ছানার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
















