ইসলাম টাইমস ডেস্ক: ইয়াবা বিক্রির অভিযোগে গ্রেফতার হয়েছে ভোলার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাক আহম্মেদ শাহীন । আজ মঙ্গলবার সকাল ৯ টায় ৮নং পৌর এলাকার ওসমানিয়া জামে মসজিদের পূর্ব পাশ থেকে জেলা ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার দুপুরে এক প্রেস ব্রিফিং-এ ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ সাংবাদিকদের জানান, সপ্তাহব্যাপী (৮-১৩ এপ্রিল) অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা শাখার টিম জেলার সদর রোডে দায়িত্ব পালন করেছিলো। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই শান্তুনো দেবনাথ ও সদর থানার এসআই শহিদুল ইসলামসহ একটি টিম ওসমানিয়া জামে মসজিদের পূর্ব পাশে ফাঁকা রাস্তায় মোস্তাক আহমেদ শাহীনকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরে জানা যায় তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
শাফিন মাহমুদ আরো বলেন, তার ছোটো ভাই দুমাস আগে মাদকসহ জেলা ডিবি পুলিশের হাতে আটক হয়। জানা যায়, মোস্তাক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ের সাথে জড়িত এবং নিজেও মাদক গ্রহণ করে। তার বিরুদ্ধে মাদ্রকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। পরে তাকে আদালতে হাজির করলে আদালত জেল হাজতে পাঠায়।
















