ইসলাম টাইমস ডেস্ক: আজ শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি নুর উদ্দিনকে ভালুকা থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ময়মনসিংহ পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিকের নেতৃত্বে অভিযান চালিয়ে ভালুকা সিড স্টোর এলাকা থেকে নুর উদ্দিনকে গ্রেফতার করা হয়।
এই তথ্য নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক জানান, ‘গোপন তথ্যের ভিত্তিতে নুসরাত হত্যা মামলার অন্যতম আসামি নুর উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে ফেনীতে পাঠানো হয়েছে।’
প্রসঙ্গত, নুসরাতের গায়ে আগুন দেওয়ার ঘটনার পর গত ৮ এপ্রিল নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে সোনাগাজী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ১০। এ মামলায় আসামির তালিকায় দুই নম্বরে নূরউদ্দিনের নাম রয়েছে।
এর আগে মামলার ৪ নম্বর আসামি কাউন্সিলর মাকসুদ আলমকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়। তাকেও ফেনী নেওয়া হয়েছে। এ নিয়ে নুসরাত হত্যা মামলায় মোট ১০ জন গ্রেফতার হলো।
















