ইসলাম টাইমস ডেস্ক: প্লেয়ার আননোন’স ব্যাটলগ্রাউন্ডস (পাবজি) নামে একটি অনলাইন গেমকে নিষিদ্ধ করেছে নেপাল। সমাজে নৃশংসতা ছড়াতে প্ররোচিত করবে এমন আশংকায় শুক্রবার গেমটি নিষিদ্ধ ঘোষণা করেছে নেপাল। খবর এএফপির।
নেপালের আগে ভারতের গুজরাটেও পাবজি গেম খেলার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।
খেলাটিতে একটি নির্জন দ্বীপে অন্যদের হত্যা করে নিজেকে টিকে থাকতে হয়। শেষ পর্যন্ত যে ব্যক্তি বা দল জীবিত থাকে, সে-ই বিজয়ী হয়।
গেমটির সহিংস বিষয়বস্তু শিক্ষার্থীদের ওপর বিরূপ প্রভাব ফেলছে—এমন আশঙ্কা থেকেই গেমটিকে নিষিদ্ধ করেছে নেপাল।
বৃহস্পতিবার নেপালের টেলিযোগাযোগ কর্তৃপক্ষ সব ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে পাবজি গেম ব্লক করে দেয়ার জন্য লিখিত নির্দেশ পাঠায়। কাঠমান্ডু জেলা আদালতের নির্দেশনায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
নেপালের শিক্ষক ও অভিভাবকেরা বলছেন, গেমটি শিক্ষার্থীদের মধ্যে সহিংসতা ঢুকিয়ে দিচ্ছে। একই সঙ্গে পড়াশোনা থেকে শিক্ষার্থীদের মনোযোগও কমিয়ে দিচ্ছে বলে অভিযোগ তাদের।
















