ইসলাম টাইমস ডেস্ক: ফেনীর সোনাগাজী থানার ওসি (প্রত্যাহার হওয়া) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।
আজ সোমবার দুপুরে নুসরাতকে হয়রানিমূলক প্রশ্ন করা এবং ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক বাদী হয়ে ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে এ মামলাটি করেন।
এ বিষযে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, রাফির জবানবন্দির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া এবং আপত্তিকর প্রশ্ন করায় সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে মামলা করেছি।’
ভিডিওটিতে দেখা যায়, থানার ওসির সামনে অঝোরে কাঁদছিলেন নুসরাত। আর সেই কান্নার ভিডিও করছিলেন সোনাগাজী থানার ওসি। নুসরাত তার মুখ দু’হাতে ঢেকে রেখেছিলেন। তাতেও ওসির আপত্তি। বারবারই ‘মুখ থেকে হাত সরাও, কান্না থামাও’ বলার পাশাপাশি তিনি এও বলেন, ‘এমন কিছু হয়নি যে এখনও তোমাকে কাঁদতে হবে।’
















