যৌন নির্যাতনের জবানবন্দি লেখার দায়িত্ব নারী ম্যাজিস্ট্রেটের

সুপ্রিম কোর্ট

ইসলাম টাইমস ডেস্ক: সুষ্ঠ তদন্ত ও সুবিচারের নিশ্চিত করতে ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার নারী ও শিশুদের জবানবন্দি লিপিবদ্ধ করার দায়িত্ব একজন নারী ম্যাজিস্ট্রেটের হাতে সোপর্দের জন্য সার্কুলার জারি করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এ সার্কুলার জারি করা হয়।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার মো. সাইফুর রহমান সার্কুলার জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

সার্কুলারে বলা হয়, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এ বর্ণিত অপরাধ সংঘটনে ওয়াকিবহাল ব্যক্তির জবানবন্দি উক্ত আইনের ২২ ধারা অনুযায়ী লিপিবদ্ধ করা হয়। স্পেশাল কমিটি ফর জুডিশিয়াল রিফর্মস এর গোচরীভূত হয়েছে, বর্তমানে বেশকিছু ক্ষেত্রে ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হওয়া নারী বা শিশুদের জবানবন্দি পুরুষ ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ করা হচ্ছে। একজন পুরুষ ম্যাজিস্ট্রেটের নিকট নারী বা শিশু ভিকটিম ধর্ষণ বা যৌন নির্যাতনের বর্ণনা দিতে সংকোচবোধ করেন। এ ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার নারী বা শিশুদের জবানবন্দি একজন নারী ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ করা আবশ্যক। এতে নারী ও শিশু ভিকটিমরা সহজে ও নিঃসঙ্কোচে তাদের ওপর নির্যাতনের বর্ণনা দিতে পারবে।

এমতাস্থায়, সংঘটিত অপরাধের সুষ্ঠু তদন্ত ও বিচারের স্বার্থে ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার নারী বা শিশুদের জবানবন্দি লিপিবদ্ধ করার দায়িত্ব একজন নারী ম্যাজিস্ট্রেটের নিকট অর্পণের জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণকে নির্দেশিত হয়ে বিশেষভাবে অনুরোধ করা গেল।’

 

পূর্ববর্তি সংবাদ ২১ এপ্রিলই শবে বরাত, রাজারবাগী সাক্ষীরা বৈঠকে হাজির হননি
পরবর্তি সংবাদআজ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সিসিকে ‘হোল্ডিং ট্যাক্স পক্ষ’