সিইসি বলেন “ইভিএম সুষ্ঠু নির্বাচনের উপায়”

ইসলাম টাইমস ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা বলেন, ইভিএম নিয়ে অনেক সমালোচনা হবে, কিছু ভুল-ভ্রান্তিও থাকতে পারে। তবে আমি মনে করি, ইভিএম সুষ্ঠু নির্বাচনের ভালো উপায়। আগামীতে সব নির্বাচনে ইভিএম পদ্ধতি  চালু করা হবে। নির্বাচনকে ডিজিটাল করার জন্য এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ফরিদপুর সদর উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ফরিদপুরে চরভদ্রাসন ও সদরপুর নিয়ে নির্বাচনি আসন পুনর্বহালের দাবির বিষয়ে সিইসি বলেন, আমরা ফরিদপুরসহ ৫টি জেলার নির্বাচনি আসন পুণর্বিন্যাস করার জন্য কাজ করছি। তবে ২০২১ সালের আদম শুমারির আগে এটার বাস্তবায়ন সম্ভব নয়। কারণ, সমগ্র দেশের নির্বাচনি আসন নিয়ে আলোচনা করে এলাকাভিত্তিকভাবে আসন বিন্যাস করতে হয়।

তিনি আরও বলেন, স্মাট কার্ড এখন আরও প্রযুক্তি নির্ভর। এর মধ্যে ২৮ ধরনের তথ্য থাকে। যাদের নাম একবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয় তারা জাতীয় ডাটাবেজে চলে আসেন। আপনাদের সবার সহযোগিতায় সর্বশেষ  উপজেলা পরিষদ নির্বাচন স্বচ্ছ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। ভবিষ্যতে সব নির্বাচন আমরা এরকমভাবে করতে চাই। এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে স্থানীয় ৪৬ বিশিষ্ট নাগরিকের হাতে স্মার্ট কার্ড তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার। পর্যায়ক্রমে ফরিদপুর সদর উপজেলার ৩ লাখ ৩৬ হাজার ৬০৮ জন ভোটারকে এ স্মার্ট কার্ড দেওয়া হবে।

এর আগে মঙ্গলবার বিকেলে চরভদ্রাসন উপজেলা পরিষদ হল রুমে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন সিইসি।

 

 

পূর্ববর্তি সংবাদআসছে রমাযানুল মুবারক : আমাদের জীবন ও কর্ম আলোকিত হোক মাহে রমযানের শিক্ষায়
পরবর্তি সংবাদসরকারের ১০০ দিনের কর্মসূচি নিয়ে সিপিডির বিশ্লেষণ অনভিপ্রেত : তথ্যমন্ত্রী