ইসলাম টাইমস ডেস্ক: শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বলেছেন, ক্রাইস্টচার্চ হামলারও আগে শ্রীলঙ্কায় এই বোমা হামলার পরিকল্পনা করা হয়েছিল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে গত মঙ্গলবার এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।
তবে শ্রীলঙ্কার এই হামলার সঙ্গে ক্রাইস্টচার্চে মসজিদে হামলার সংশ্লিষ্টতা আছে বলে এর আগে দাবি করেছিলেন দেশটির কয়েকজন মন্ত্রী, যদিও সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রী তাদের সেই দাবির কোনো যৌক্তিকতা খুঁজে পাননি।
সাক্ষাৎকারে বিক্রমাসিংহে আরও বলেন, ‘ভারত আমাদের গোপন তথ্য দিয়েছিল, কিন্তু আমরা ঠিকভাবে প্রতিক্রিয়া দেখাতে পারিনি।’
ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য শ্রীলঙ্কা বিদেশি সংস্থার সহায়তা নিচ্ছে বলেও জানিয়েছেন বিক্রমাসিংহে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত এই ঘটনার সঙ্গে যাঁদের জড়িত বলে সন্দেহ করা হচ্ছে, তাঁরা সবাই শ্রীলঙ্কার নাগরিক। তবে তা সত্ত্বেও তাঁদের সঙ্গে বহির্বিশ্বের সংশ্লিষ্টতা থাকতে পারে। আন্তর্জাতিক সংশ্লিষ্টতা যাচাই করার জন্যই আমরা কিছু বিদেশি সংস্থার সাহায্য নিচ্ছি।’
এমন ভয়াবহ হামলার পর শ্রীলঙ্কার পর্যটন ব্যবসা হুমকির মুখে পড়বে—এমন কথা বলছেন অনেকে। কিন্তু বিক্রমাসিংহে বলেছেন, এই ধাক্কা খুব শিগগিরই কাটিয়ে উঠবে তাঁর দেশ। রনিল বলেন, ‘আমরা খুব তাড়াতাড়ি এই ধাক্কা কাটিয়ে উঠব। শুধু শ্রীলঙ্কা নয়, মিসর, বালিও (ইন্দোনেশিয়া) এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। এই ঘটনা অবশ্যই আমাদের অর্থনীতির জন্য দুর্ভাগ্যজনক, কিন্তু শ্রীলঙ্কার পর্যটন অবশ্যই ঘুরে দাঁড়াবে।’
















