ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো শহরের ইহুদি উপাসনালয় সিনাগগে জন আর্নেস্ত নামে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির এক শিক্ষার্থী বন্দুক হামলা চালিয়েছেন। এতে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
পালোমার মেডিক্যাল সেন্টার পাওয়ারের মুখপাত্র জানান, এখন পর্যন্ত চারজন গুলিবিদ্ধ হয়ে ভর্তি হয়েছেন।
পাওয়ের মেয়র বলেন, ওখানে হামলার মূল কারণ হলো বিদ্বেষ। তিনি বলেন, ‘আমি বুঝি যে, যিনি হামলা চালিয়েছেন তার মূল কারণ ছিল বিদ্বেষ। সাহসী কিছু মানুষ তাকে প্রতিহত করেছে।’
স্যান ডিয়েগো পুলিশ দফতর কাউন্টি শেরিফকে সহায়তা করছেন বলে জানানো হয়েছে। পুলিশ প্রধান ডেভিন নিসলিত বলেন, আমাদের কাছে আগে এই হামলার কোনও আশঙ্কার গোয়েন্দা তথ্য ছিল না। এখন থেকে উপাসনালয়ের আমরা নিরাপত্তা জোরদার করবো।
এদিকে ইউনিভার্সিটির সভাপতি কারেন এস. হায়নেস বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফদের উদ্দেশে এক চিঠিতে তিনি বলেন, ‘আর্নেস্ত সর্ম্পকে বিস্তারিত জানতে স্থানীয় পুলিশ বিভাগ সান দিয়েগো কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।’
ওই সিনাগগে ইহুদিদের অন্যতম বড় উৎসব পাসওভার চলছিল।
















