ময়মনসিংহে সিটি নির্বাচন উপলক্ষে ৫ মে সাধারণ ছুটি

ইসলাম টাইমস ডেস্ক: সিটি নির্বাচন উপলক্ষে আগামী ৫ মে (রবিবার) ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। মঙ্গলবার (৩০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ, বিধি-৪ শাখার ২৯ এপ্রিল জারি হওয়া প্রজ্ঞাপনের প্রেক্ষিতে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ৫ মে ভোট গ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকাসমূহে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মকর্তা বা কর্মচারীদের স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ৫ মে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের সকল শাখাও বন্ধ থাকবে।

দেশের সর্বশেষ ও ১২ তম এ সিটিতে মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৬ হাজার ৯৩৮জন। তারা ১২৭টি কেন্দ্রের ৮২৯টি ভোটকক্ষে ভোট দেওয়ার সুযোগ পাবেন। ভোটগ্রহণ করবেন এক হাজার ৪ জন প্রিজাইডিং কর্মকর্তা ও এক হাজার ৭৪১ জন পোলিং কর্মকর্তা।

ভোটগ্রহণ কর্মকর্তাদের সহায়তা করার জন্য ইভিএম পরিচালনায় ১৫০ জন টেকনিক্যাল সাপোর্ট ও ডাটা এন্ট্রি অপারেটর এবং সশস্ত্র বাহিনীর নিরস্ত্র সদস্যরাও থাকবেন।

পূর্ববর্তি সংবাদ“তাদেরকে প্রতিদিন সত্তরবার ক্ষমা করবে”
পরবর্তি সংবাদরমজান মাসে হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখার আহ্বান মেয়র খোকনের