শুকরানা মাহফিলে কে কোন দায়িত্ব পালন করবে

আবরার আবদুল্লাহ  ।।  

মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানে আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া আয়োজিত শুকরানা মাহফিল সফল করতে যাবতীয় পরিকল্পনা চূড়ান্ত করেছে হাইয়াতুল উলয়ার নেতৃবৃন্দ।

পরিকল্পনার মধ্যে রয়েছে মাহফিলের সময়, মঞ্চ পরিচালনা, মঞ্চে অবস্থানকারীদের তালিকা, অতিথিদের সংখ্যা নির্ধারণ ও স্বেচ্ছাসেবীদের পরিচালনা ইত্যাদি।

আজ ঢাকার পীরজঙ্গী মাদরাসায় অনুষ্ঠিত হাইয়াতুল উলয়ার ‘শুকরানা মাহফিল বাস্তবায়ন উপ-কমিটি’র এক বৈঠকে এসব বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হয়।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র ইসলাম টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেছে।

তারা বলেছেন, প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দেয়া নির্দেশনা সামনে রেখেই এসব পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। অতিথিদের স্তর বিন্যাস, তাদের বসার স্থান নির্ধারণ, স্বেচ্ছাসেবীদের অবস্থান নির্ণয় সে নির্দেশনার আলোকেই হয়েছে।

পূর্ব নির্ধারিত ৪ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়ে তা শেষ হবে বেলা ১২টায়। শুকরানা মাহফিলে সভাপতিত্ব করবেন হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা আহমদ শফী।

পরিকল্পনা অনুযায়ী, শুকরানা মাহফিলের মঞ্চে অবস্থান করবেন দেশের শীর্ষ ৫০ জন আলেম এবং ভিআইপি মেহমান হিসেবে আমন্ত্রিত হবেন ৬ হাজার আলেম। মঞ্চের সামনে তাদের বসার স্থান নির্ধারণ করা হয়েছে।

মঞ্চের শীর্ষ আলেম ও ভিআইপি হিসেবে আমন্ত্রিত উলামায়ে কেরাম উভয় শ্রেণির জন্য থাকবে বিশেষ কার্ড ও ব্যাজ।

বৈঠকে মুফতী রুহুল আমিন, মাওলানা মাহফুজুল হক ও মাওলানা মুহাম্মদ সাদেকের মঞ্চ পরিচালনার সিদ্ধান্ত হয়।

আরও পড়তে পারেন : শুকরানা মাহফিলে কোনো পক্ষই রাজনৈতিক বক্তব্য রাখবেন না

প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে আগত আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি মাঠে দায়িত্ব পালন করবে ২ হাজার স্বেচ্ছাসেবী।

মাঠের সার্বিক শৃংখলা রক্ষায় তারা কাজ করবে। বিভিন্ন মাদরাসার উপরের ক্লাসে অধ্যয়নরত ছাত্ররা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বপালন করবে।

প্রতি ৫০ জন স্বেচ্ছাসেবী শিক্ষার্থীর পরিচালনায় থাকবেন একজন করে মাদরাসা শিক্ষক। ঢাকা মহানগরে অবস্থিত প্রধান প্রধান মাদরাসা থেকেই স্বেচ্ছাসেবী ছাত্রদের বাছাই করা হবে।

স্বেচ্ছাসেবীদের সার্বিক নেতৃত্বে থাকবেন পাঁচজন অভিজ্ঞ আলেম। বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক থেকে ৩ জন এবং জামিয়া রাহমানিয়া আরাবিয়া ও ফরিদাবাদ মাদরাসা থেকে একজন করে দায়িত্বশীল নেয়া হবে বলে সূত্র নিশ্চিত করেছে।

পূর্ববর্তি সংবাদগালাগাল নয়, চাই বাক-সংযম
পরবর্তি সংবাদ‘সংবিধান সম্মত আলোচনা’ নিয়ে চলছে নানা ব্যাখ্যা