ইসলাম টাইমস ডেস্ক: ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা-বরিশাল ও দক্ষিণাঞ্চলের নৌপথে এবার ৫২টি লঞ্চ বিশেষ যাত্রীসেবা দেবে। এর মধ্যে বরিশাল-ঢাকা সরাসরি ও ভায়া পথে চলাচল করবে ৩২টি লঞ্চ। এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার পাঁচটি নৌযানও যুক্ত হবে বিশেষ যাত্রীসেবায়।
প্রতিবছর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রীদের ভিড় বাড়ে। চাপ সামলাতে বেসরকারি লঞ্চ কোম্পানিগুলো বিশেষ সেবা দেয়। এরই মধ্যে বরিশাল-ঢাকাসহ দক্ষিণাঞ্চলের দূরপাল্লার নৌপথে কতগুলো যাত্রীবাহী নৌযান চলাচল করবে, এর সম্ভাব্যতা যাচাই করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তারা।
বেসরকারি নৌযান মালিকদের সংগঠন জাপ-এর কেন্দ্রীয় সহসভাপতি সাইদুর রহমান এ প্রসঙ্গে বলেন, এবার ঈদে বিশেষ যাত্রীসেবায় লঞ্চের সংখ্যা আগের বছরগুলোর তুলনায় বেশি। তাই ঈদের এক সপ্তাহ আগে থেকে ঈদ-পরবর্তী এক সপ্তাহ এই বিশেষ যাত্রীসেবা চালু থাকবে।
















