ইসলাম টাইমস ডেস্ক ।। পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলাম (এস)-এর প্রধান প্রখ্যাত আলেম সামিউল হকের নামাজে জানাজা আজ নওশেহরা খোশহালখান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে মরহুমকে দাফন করা হয় তাঁর প্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম হক্কানিয়ার প্রাঙ্গনে।
নামাজে জানাজার ইমামতি করেন মাওলানা সামিউল হকের ছেলে মাওলানা হামিদুল হক। জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খায়বার পাখতুনখারের গভর্নর জেনারেল ও মুখ্যমন্ত্রী, এএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম বিলোর, মুসলিম লীগ (এন)-এর নেতা জাফরুল হক, সাবেক গভর্নর ইকবাল জাফর বাগড়া, জামায়াতে ইসলামীর আমির সিরাজুল হক, লিয়াকত বেলুচ, সিনেটর মুশতাক আহমদ খানসহ আরও বহুসংখ্যক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জমিয়তে উলামা (এস)-এর প্রধান শহীদ মাওলানা সামিউল হকের জানাজার আগে থেকেই তাঁর বাসভবনের চারপাশে কঠোর নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। বসানো হয়েছে পুলিশের বিশেষ ওয়াক থ্রো গেট। জানাজায় অংশ নিতে মরহুমের বাড়ি আকড়াখটক এলাকায় তাঁর ভক্ত-অনুরক্ত ও অনুসারীদের ঢল নামে।
আরও পড়ুন : পাকিস্তানে প্রখ্যাত আলেম মাওলানা সামিউল হককে ছুরিকাঘাতে হত্যা
আরও পড়ুন : মাওলানা সামিউল হকের হত্যাকারী কে?
পুলিশের ডিআইজি মুহাম্মদ আলী সামিউল হকের জানাজাস্থল পরিদর্শন করেন এবং নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। গণমাধ্যমকে তিনি জানান, মাওলানা সামিউল হকের দাফনস্থলে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ডিপিও এবং ৩ জন এসপিসহ পুলিশের ৯৪৮ জন সদস্যের একটি দলকে সেখানে নিয়োজিত করা হয়েছে। এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত করা হয়েছে ১৪০ জন ট্রাফিক পুলিশ।
তিনি আরও বলেন, মরহুমের পরিবার এবং জামিয়া হক্কানিয়া কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে পুলিশ তাদের দায়িত্ব পালন করছে।
সূত্র : দৈনিক জং, ডন
















