সোহেল তাজ বলেন, ভাগ্নের ফোন থেকে কল এসেছিল

ইসলাম টাইমস ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ বলেন, ‌’অপহৃত’ ভাগ্নের মুঠোফোন থেকে কল এসেছিল। বুধবার দুপুরে ফেসবুকে লাইভে এসে তিনি এই তথ্য জানান।

সোহেল তাজ বলেন, মঙ্গলবার রাত ২টা ২০ মিনিটে অপহৃত ভাগ্নে সৈয়দ ইফতেখার আলম সৌরভের মুঠোফোন থেকে তারা বাবা ও মায়ের কাছে কল আসে। কিন্তু তারা ফোন ধরার পর কেউ কথা বলেনি।

সৌরভের মুঠোফোন এখনও খোলা বলে জানিয়েছেন তার মা ইয়াসমিন। সকালে তার ফোনে কল ঢুকেছে। বিষয়টি আইনশৃংখলা বাহিনীকে জানানো হয়েছে। আইনশৃংখলা বাহিনী ফোন ট্র্যাক করে সৌরভের অবস্থান শনাক্ত করার চেষ্টা করছে।

বুধবার দুপুরে ফেসবুক লাইভে সোহেল তাজ বলেন, ভাগ্নের চিন্তায় আমরা সারারাত ঘুমাতে পারিনি। তার ফিরে আসার অপেক্ষায় আছি। মঙ্গলবার রাতে আমরা এক জায়গায় গিয়েছিলাম। সেখানে আমরা কিছু তথ্য পেয়েছি। তাতে আমরা সন্তুষ্ট।

এ বিষয়ে সৌরভের বাবা মানিক ও মা ইয়াসমিন জানান, রাত ২টা ২০ মিনিটে ছেলের ফোন থেকে কল আসে। কল আসার সঙ্গে সঙ্গে তারা রিসিভ করেন। বারবার হ্যালো হ্যালো বলার পরও অপর প্রাপ্ত থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তারা পরে কল কেটে দিয়ে ফের ফোন দেন। তখন রিংও হচ্ছিল, কিন্তু কেউ সাড়া দেয়নি। এখনও কল করেছি, রিং হচ্ছে, কিন্তু কেউ ধরছে না। তার মানে সৌরভের ফোন খোলা রয়েছে।

ইয়াসমিন বলেন, আমি আমার ছেলেকে একটা ক্ষুদেবার্তা দিয়েছি। ‘বাবা তুমি কোথায়? কী অবস্থায় আছো? তুমি বলো কোথায় আছো? দরকার হলে আমরা গিয়ে তোমাকে নিয়ে আসবো।’ এই ক্ষুদেবার্তারও কোনো উত্তর পাইনি আমি।

এ ঘটনা কাউন্টার টেরোরিজমের ডিসি, ঢাকা উত্তরের ডিসি এবং থানার ওসিকে জানিয়েছে সেৌরভের পরিবার। আইনশৃংখলা বাহিনী ফোন ট্র্যাক করে সেৌরভের অবস্থান জানার চেষ্টা করছে বলে তার পরিবারকে জানিয়েছে।

 

পূর্ববর্তি সংবাদহাইকোর্টে সাবেক সংসদ সদস্য রানার জামিন, মুক্তিতে বাধা নেই
পরবর্তি সংবাদবৃটেনের ব্রাডফোডে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলনের প্রস্তুতি সভা