কর্মস্থল-বাসস্থানে প্রধানমন্ত্রীর গাছ লাগানোর অনুরোধ

ইসলাম টাইমস ডেস্ক: পরিবেশ রক্ষায় প্রত্যেকেই নিজের কর্মস্থল ও বাসস্থানে গাছ লাগানোর অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০১৯ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০১৯ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ অনুরোধ করেন। খবর বাসসের।

শেখ হাসিনা বলেন, আমরা বাংলাদেশে পরিবেশ রক্ষায় যথেষ্ট সচেতন। আমাদের যত স্কুল, কলেজ, অফিস, আদালত আছে আমি সবাইকে অনুরোধ করবো প্রত্যেকে যার যার কর্মস্থলে এবং বাসস্থানে অন্তত একটি করে বনজ, ফলদ এবং ভেষজ গাছ লাগাবেন। ছেলেমেয়েদেরও বৃক্ষরোপণ শেখাতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, খাল যেখানে খালের মতই থাকবে সেখানে নৌ চলাচলও করতে পারে তাতে আমাদের পরিবেশও রক্ষা পাবে, বায়ু দূষণ কমবে এবং সেখানকার বাতাসটাও আরামদায়ক হবে। কিন্তু যেখানে কোনো গাছ থাকে না সেখানে সেই পরিবেশটা থাকে না। সেই বিষয়ে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে।

তিনি বলেন, সভ্যতা এবং তার ক্রমবিকাশ অবশ্যই অব্যাহত থাকবে। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের পরিবেশটাকেও রক্ষা করতে হবে।

তিনি আরো বলেন, শুধু গাছ লাগালেই হবে না, পরিচর্যাও করতে হবে। প্রত্যেকে নিজের এলাকায় যতো ইচ্ছে গাছ লাগাবেন। এতে কয়েক বছর পর টাকাও পাওয়া যায়, বছর বছর ফল পেলেও খুশি লাগে।

পূর্ববর্তি সংবাদযুবলীগ নেতার হত্যা মামলায় ৯ জনের মৃত্যুদণ্ড
পরবর্তি সংবাদএখন ক্ষমতাসীনদের স্বজনরাও গুম হচ্ছেন: রিজভী