ইসলাম টাইমস ডেস্ক: ভারতে বিজেপির আমলে সাম্প্রদায়িকতা নিয়ে যেখানে নানা অঘটনের খবর প্রায়ই শোনা যায়, সেখানে বোমা হামলা ঠেকাতে হিন্দুদের মন্দির পাহারা দিয়ে মুসলিমরা সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগণা জেলার একটি শহর ভাটপাড়ায় বোমা হামলার আতঙ্কে থাকা শিবমন্দিরটি পাহারা দিচ্ছেন এলাকার মুসলিমরা।
ভারতীয় গণমাধ্যম বলছে, লোকসভা নির্বাচনের পর থেকেই খবর রটে যে, কিছু লোক হামলা করতে আসছে। কখন কোন দিক থেকে যে গুলি ছুটে আসবে, কেউ জানে না। ভাটপাড়া জুড়ে আতঙ্ক আর অবিশ্বাসের পরিবেশ। এই পরিস্থিতিতে হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছেন এলাকার মুসলিম বাসিন্দারা। এদের মধ্যে রয়েছেন মোহম্মদ খুরশিদ, জইনুল হক, আনোয়ার আলি, মোহম্মদ উকিলসহ আরো অনেকেই।
তারা বলছেন, বাইরে যেখানে যতই গণ্ডগোল হোক না কেন, মন্দিরের গায়ে তারা কাউকে আঁচড় কাটতে দেবেন না। এ জন্য সবসময় নজর রাখছেন তারা। সেই আশ্বাসে ভর করেই এলাকার শিবমন্দির আগলে পড়ে রয়েছেন মন্দিরের প্রধান পুরোহিত তুলসীপ্রসাদ।
ভাটপাড়া থানা থেকে কিছুটা দূরেই নয়াবাজার এলাকা। তার উপর দিয়ে যে রাস্তা চলে গেছে, তা এনসি রোড নামে পরিচিত। এই এলাকার প্রায় ৯০ শতাংশ বাসিন্দাই মুসলিম সম্প্রদায়ের। সেখানেই রয়েছে পুরোনো শিবমন্দির। দু’বেলাই মন্দিরে পুজো-অর্চনা হয়। মন্দিরের প্রধান পুরোহিত তুলসীপ্রসাদ মন্দিরের মধ্যেই একটি ঘরে বসবাস করেন। তার ঠিক একশো মিটার ব্যবধানে রয়েছে ঈশাক সরদার মসজিদ।
সূত্র : এই সময়
















