ভারতের ধর্ষক ধর্মগুরু রাম রহিম প্যারোলে মুক্তি চান

ইসলাম টাইমস ডেস্ক: ধর্ষণ ও খুনের মামলায় দোষী সাব্যস্ত ভারতের বিতর্কিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং  প্যারোলে মুক্তির আবেদন করেছেন। নিজের জমিতে চাষাবাদ করতে হরিয়ানার রোহতকের সুনারিয়া জেলে বন্দি  ৫১ বছর বয়সী ধর্ষক ধর্মগুরু রাম রহিম  এ আবেদন করেন ।

জানা গেছে, জেলের কুঠুরি থেকে ৪২ দিনের জন্য অব্যাহতি চেয়েছেন তিনি; যাতে হরিয়ানার সিরসায় নিজের জমিতে চাষাবাদ করতে পারে। তার আবেদন খতিয়ে দেখছে হরিয়ানা প্রশাসন।

তার আবেদন হাতে পেয়ে ইতোমধ্যে সিরসা জেলা প্রশাসনকে চিঠি দিয়েছেন সুনারিয়া জেলের সুপারিনটেন্ডেন্ট। রাম রহিমকে প্যারোলে মুক্তি দেয়া আদৌ সম্ভব হবে কিনা তা জানতে চেয়েছেন তিনি।

সুনারিয়া জেলের সুপারিনটেন্ডেন্ট সুনীল কুমার গত ১৮ জুন সিরসার উপনগরপাল অশোক গর্গ এবং হরিয়ানার ডিজি (কারা) সেলভরাজকে চিঠি দেন। তিনি জানান, কারাগারে খারাপ আচরণ করেন না রাম রহিম। নিয়মও ভাঙেননি। তবে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অস্বীকার করেছেন তিনি।

তবে সিরসার পুলিশ সুপার রাজেশ কুমার পিটিআইকে জানান, ‘ইতোমধ্যে রাজস্ব দফতরের সঙ্গে যোগাযোগ করেছি আমরা। সিরসায় রাম রহিমের নামে কত জমি রয়েছে তা জানতে চেয়েছি। তবে এখনও পর্যন্ত বিস্তারিত তথ্য হাতে পাইনি।’

সূত্র: আনন্দবাজার।

পূর্ববর্তি সংবাদমুরসিকে নিয়ে নতুন তথ্য ফাঁস করলেন পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী
পরবর্তি সংবাদভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই কাশ্মীরি নিহত