কারাগারে ডিভিশন পাবেন ওসি মোয়াজ্জেম

সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন।

ইসলাম টাইমস ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া ফেনীর সোনাগাজী থানা সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ সোমবার (২৪ জুন) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

আসামি মোয়াজ্জেম হোসেনের পক্ষে আইনজীবী ফারুক আহমেদ শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ‘আসামি মোয়াজ্জেম হোসেন বাংলাদেশ সরকারের নবম গ্রেডের একজন কর্মকর্তা ছিলেন। সে অনুযায়ী তিনি প্রথম শ্রেণির নাগরিক। যদিও একজন ওসি সরাসরি প্রথম শ্রেণির নাগরিক না,  তবে এ বিষয়ে হাইকোর্টের একটি নির্দেশনা আছে। দয়া করে আপনি ডিভিশন দেওয়ার নির্দেশ দেন।’

এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী নজরুল ইসলাম শামীম ডিভিশনের বিরোধিতা করে বলেন, ‘আসামি বর্তমানে বরখাস্ত। তাই তার ডিভিশন বিষয়ে আপত্তি রয়েছে।’ উভয়পক্ষের শুনানি শেষে বিচারক কারাবিধি অনুযায়ী জেল সুপারকে ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন।

এর আগে,  গত  ২০ জুন সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের জন্য কারাগারে ডিভিশন চেয়ে আবেদন করেন তার আইনজীবী ফারুক আহমেদ। এরপর বিচারক ডিভিশন আবেদনের ওপর শুনানির জন্য আজকের (২৪ জুন) দিন ধার্য করেন।

 

 

পূর্ববর্তি সংবাদপাকিস্তান মিসর না, নওয়াজ শরিফকেও মুরসির পরিণতি ভোগ করতে দেব না: মরিয়ম
পরবর্তি সংবাদভারতে মুসলিম নিপীড়ন প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের রিপোর্ট ‘প্রত্যাখ্যান’ করল দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়