ঘুষ নেয়ার ভিডিও করায় টিভি সাংবাদিককে পুলিশের মারধর

ইসলাম টাইমস ডেস্ক: গাড়ি আটক করে পুলিশের ঘুষ নেয়ার ভিডিও করায় রংপুরের গঙ্গাচড়ায় একটি বেসরকারি টিভি চ্যানেলের রিপোর্টার ও ক্যামেরাম্যানকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানার এসআই আব্দুল করিমসহ ৩ কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

গতকাল সোমবার বিকেলে গঙ্গাচড়া সরকারি ডিগ্রি কলেজ মোড়ে এ ঘটনা ঘটে বলে গঙ্গাচড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান নিশ্চিত করেছেন।

টিভি চ্যানেলটির রংপুর ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ বলেন, সোমবার বিকেলে গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া ডিগ্রি কলেজের সামনে গাড়ি আটকে চাঁদাবাজি করছিলেন ওই এসআই আব্দুল করিম ও তিন পুলিশ কনস্টেবল। এ ঘটনার ভিডিও করতে গেলে ওই চার পুলিশ সদস্য ক্যামেরাম্যান শাহিন আলম ও রাফির ওপর হামলা চালিয়ে মারধর করেন। এ সময় তিনি বাধা দিতে এগিয়ে গেলে তাকেও লাঞ্ছিত করা হয়। এছাড়া ক্যামেরা ছিনিয়ে নেয়ারও চেষ্টা করেন ওই পুলিশ সদস্যরা।

গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, বিষয়টি দুঃখজনক। এ ঘটনায় এসআই আব্দুল করিম, নায়েব শাহাজালালসহ দুই কনস্টেবল তারেক আজিজ ও আব্দুল হালিমকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদসরকারি চাকরিতে বাধ্যতামূলক হচ্ছে ডোপটেস্ট: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদমাহীর দাবি, মানুষকে ভুল বুঝিয়ে আড়িয়াল বিলে বিমানবন্দর প্রকল্প বাতিল করা হয়েছিল