ইসলাম টাইমস ডেস্ক: আগামী ২০, ২১ বা ২২ জুলাই প্রকাশ করা হতে পারে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল। এই তিন দিনের যেকোনো এক দিন ফল প্রকাশের অনুমোদন চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উচ্চপর্যায়ের একজন কর্মকর্তা আজ মঙ্গলবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। সম্ভাব্য এই তারিখগুলোর মধ্যে যেদিন প্রধানমন্ত্রী সময় দিয়ে সম্মতি দেবেন, সেদিনই ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।
প্রথা অনুযায়ী ফল প্রকাশের দিন প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়। এরপর সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরা হয়। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হয়। যদিও এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে থাকায় তাঁর অনুপস্থিতিতে ফল প্রকাশ করা হয়। অবশ্য তিনি মুঠোফোনে ফল প্রকাশ অনুষ্ঠানে কথা বলেন।
















